সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের মতিঝিল জোনের উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) সকালে ওলামা-মাশায়েখ ও আইম্মায়ে মাসাজিদদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওলামা বিভাগের মতিঝিল জোন সভাপতি মাওলানা আ ন ম হেলাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি মহিউদ্দিন, পল্টন জোন ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন আহমদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ওলামা-মাখায়েখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, কুরআন হচ্ছে আমাদের এক জীবন্ত মুজিজা। আমরা যদি এই কুরআনকে নিজেদের বুকে ধারণ করতে পারি, কুরআনের রঙে রঞ্জিত হতে পারে, কুরআনের বিধানে রাষ্ট্র পরিচালনা করতে পারি তবেই আমরা স্বার্থক। কুরআনের বিধানকে জারি করার জন্য আমাদের যার যেই ধরনের ত্যাগ করা দরকার সেই ত্যাগ করার জন্য আমরা প্রস্তুত থাকতে পারি তাহলে সামনে যত বাধাবিপত্তি আসুক না কেন কোনো বাধাবিপত্তি কাজে লাগবে না। সকল বাধাবিপত্তিকে অতিক্রম করে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারব, ইনশাআল্লাহ। কুরআনের বিধান কায়েমের জন্য ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

এসময় তিনি আরও বলেন, সীরাতুন্নবী (সা.) মাহফিলের উদ্দেশ্য হতে হবে মহানবী (সা.) আদর্শ ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা করা। মহানবী (সা.) এর আদর্শ প্রতিষ্ঠায় নিঃস্বার্থ ভূমিকা রাখতে তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মহানবী (সা.) আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে। বিদ্যমান প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য সীরাতুন্নবী (সা.) আদর্শ অনুসরণের বিকল্প নেই। মানুষের তৈরি মতবাদে হাজার বার বিপ্লব হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সিস্টেমের পরিবর্তন করতে হবে। ইসলামী বিপ্লব অর্জনের মাধ্যমে বাংলাদেশের নেতৃত্ব দেবে এদেশের আলেম সমাজ উল্লেখ করে ড. হেলাল উদ্দিন বলেন, ওলামা-মাশায়েখ শুধু মসজিদের মিনারে নয় আগামীতে সংসদেও নেতৃত্ব দেবে এবং রাষ্ট্র পরিচালনা করবে।
