পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশুকে ফ্রি চিকিৎসা দিয়েছে রমনা সমাজকল্যাণ সোসাইটি রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত হয়। শনিবার (০৩ অক্টোবর) সকালে রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমনের সভাপতিত্বে নিউ ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. সামছুল আলম সুমন। পরে পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম ও হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল চিকিৎসাসেবা প্রদান করেন। এতে স্থানীয় পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ ছাড়া সেবাগ্রহীতাদের বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন বলেন, রমনাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রমনা সমাজকল্যাণ সোসাইটি নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। এই কার্যক্রম আগামীতে আরও জোরদার করা হবে। তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় রমনা সমাজকল্যাণ সোসাইটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি মশকনিধন অভিযান এবং বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করে আসছে।

বক্তব্য রাখেন রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমান, ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার তোফাজ্জল হোসেন প্রমুখ।
