৮ দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচির দ্বিতীয় ধাপে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ যাত্রা শুরু করে। যাত্রাপথে টাঙ্গাইল জেলা ১১-দলীয় ঐক্যের উদ্যোগে এক পথসভা নগর জালফাই বাইপাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

আরও বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ। এ ছাড়া পথসভায় ১১-দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও টাঙ্গাইল জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, “গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন” করার ৮ দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে দেশবাসী লংমার্চ পালন করছে।
